ময়মনসিংহের নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের হৃদয়বিদারক মৃত্যু, গ্রামে শোকের ছায়া।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে বজ্রাঘাতে একই পরিবারের বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (০৬ জুলাই ২০২৫) দুপুরে ঘটে যাওয়া এই ট্র্যাজেডিতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।নিহতরা হলেন—মৃত আব্দুছ ছাত্তারের ছেলে মোঃ গোলাম মোস্তুফা (৪০) এবং তার আট বছরের শিশু পুত্র মোঃ নাঈম।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে বীজতলায় কাজ করছিলেন মোস্তুফা। হঠাৎ আকাশে মেঘ জমে, শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। ছেলেকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে তারা একটি জামগাছের নিচে দাঁড়ান। এ সময় বজ্রপাত সরাসরি সেই গাছে পড়লে একটি ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের ওপর।চাচা রফিকুল ইসলাম জানান, তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোট্ট নাঈম। তার আগেই ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা মোস্তুফা।পরিবার সূত্রে জানা যায়, মোস্তুফা দীর্ঘ ৮ বছর সৌদি আরবে ছিলেন এবং মাত্র ৪ মাস আগে দেশে ফিরেছেন। আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতির মধ্যেই এ মর্মান্তিক মৃত্যু তাকে চিরদিনের মতো থামিয়ে দেয়।শোকে স্তব্ধ স্ত্রী শেফালি বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। কান্দিপাড়ার আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে স্বজনদের কান্না আর আহাজারি।নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।প্রাকৃতিক দুর্যোগে একসঙ্গে দুই প্রাণ ঝরে যাওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ভারী ছায়া।
