শিরোনাম“গ্যাস সমৃদ্ধ ভোলা এখন বিনিয়োগের হটস্পট: চীনা ফ্রি ট্রেড জোনসহ গড়ে উঠছে নতুন শিল্প বিপ্লব”
সংবাদ মোঃ আব্দুর রহমান হেলাল।।
ভোলা জেলা সংবাদদাতা//
ভোলা, ২৮ আগস্ট ২০২৫
বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা এখন শিল্পোদ্যোক্তাদের নতুন আকর্ষণ। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ হওয়ায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা একে একে গড়ে তুলছেন আধুনিক শিল্প কারখানা। শুধু দেশি প্রতিষ্ঠানই নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিশেষত চীনা কোম্পানিগুলোও ভোলায় ব্যাপকভাবে শিল্প স্থাপনে এগিয়ে এসেছে।ভোলার ৯টি গ্যাস কূপে বিপুল মজুত থাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এটি অনন্য স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যেই কাজী গ্রুপ, শেলটেক ও উর্মি গ্রুপের মতো দেশীয় শিল্প প্রতিষ্ঠান এখানে সফলভাবে কার্যক্রম শুরু করেছে। কাজী গ্রুপ তাদের ফিড তৈরির কারখানা থেকে দেশব্যাপী সরবরাহ করছে পণ্য। শেলটেক টাইলস শিল্প আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদন করে বিদেশেও রপ্তানি করছে। প্রাণ-আরএফএল ও উর্মি গ্রুপও বিশাল শিল্প কারখানা স্থাপনে জমি অধিগ্রহণ করেছে।অন্যদিকে, সরকারের পৃষ্ঠপোষকতায় ভেদুরিয়ায় গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা স্থাপনের কার্যক্রমও এগোচ্ছে। ভোলার বিসিক শিল্পনগরীতেও ইতোমধ্যে অসংখ্য ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ সব মিলিয়ে ভোলার হাজারো নারী-পুরুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। বর্তমানে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ এসব শিল্পে সরাসরি কাজ করছেন।সবচেয়ে বড় অগ্রগতি এসেছে সম্প্রতি চীনের বিনিয়োগ পরিকল্পনা থেকে। চীনের চায়না ফ্রি ট্রেড জোন অ্যান্ড এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যাসোসিয়েশন ভোলায় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone) গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এতে কৃষি, মৎস্য, হস্তশিল্পসহ স্থানীয় উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ইতোমধ্যেই ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ অনুমোদন দিয়েছে। লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ অঞ্চল উন্নয়ন করবে। প্রাথমিকভাবে ১০২ একর জমিতে গড়ে উঠবে এই ইকোনমিক জোন, যা পর্যায়ক্রমে ১৫৮ একরে সম্প্রসারিত হবে। এখানে মাছ ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি-শিল্পভিত্তিক অন্তত ৪০টি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে।ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “ভোলা গ্যাস সমৃদ্ধ একটি সম্ভাবনাময় জেলা। দেশি-বিদেশি কোম্পানিগুলোর ব্যাপক বিনিয়োগের ফলে আগামী কয়েক বছরের মধ্যেই ভোলা দক্ষিণাঞ্চলের ‘সিঙ্গাপুর’ হয়ে উঠবে। এখানে কোনো যুবক বেকার থাকবে না।”অর্থনীতিবিদদের মতে, ভোলার এই শিল্প বিপ্লব কেবল স্থানীয় জনগণের জীবনমান উন্নত করবে না, বরং জাতীয় অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার করবে।-
