মোঃ মিজানুর রহমান,
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী এক বর্ণাঢ্য সমাবেশ ও মিছিলের আয়োজন করে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে ভোলা-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এ এইচ এম ওয়ালিউল্লাহ এবং নায়েবে আমির মাওলানা মুফতি মোঃ সফিউল্লাহ। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন জরুরি। তারা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পি.আর. পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, জনগণের শক্তি ঐক্যবদ্ধ হলে গণতন্ত্রবিরোধী কোনো শক্তিই দেশে টিকে থাকতে পারবে না। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম।

