পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য:
পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ ঘর থেকে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাবেয়া বেগম একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো এদিন সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পাশের দরজা দিয়ে ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে থাকতে দেখেন।নিহতা রাবেয়া বেগমের মৃত স্বামী ছিলেন মুক্তার হাওলাদার। তার দুই ছেলে লিটন হাওলাদার ও মহসিন হাওলাদার—মহসিন বর্তমানে প্রবাসে এবং লিটন একই এলাকায় আলাদা বাড়িতে বসবাস করেন। একমাত্র মেয়ে মাহফুজা আক্তার থাকেন স্বামীর বাড়িতে।নিহতার ছেলে লিটন হাওলাদার জানান, “আমাদের একই এলাকার রুমান হাওলাদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। তারা আমাদের বিভিন্ন সময় হুমকি দিত। তবে এর বাইরে আমাদের কারো সঙ্গে বিরোধ ছিল না।”পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের অবস্থাও তা-ই নির্দেশ করে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।—ছবি সংযুক্তা
