দাম্পত্য কলহে শিক্ষিকার বটির কোপে গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা স্বামী।

কালাইয়ে দাম্পত্য কলহে শিক্ষিকার বটির কোপে গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা স্বামী।

জয়পুরহাট সংবাদদাতা।।

১০ আগস্ট ২০২৫,

রোববার (১০ জুলাই) জয়পুরহাটের কালাই উপজেলার টাকাহুত গ্রামে দাম্পত্য কলহের জেরে শিক্ষিকা স্ত্রীর বটির কোপে গুরুতর আহত হয়েছেন ব্যাংক কর্মকর্তা মতিয়র রহমান (৩৮)। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।আহত মতিয়র রহমান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের ছেলে এবং একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী খাইরুন্নেসা সুমি (৩৫) বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাইরুন্নেসা সুমির এটি চতুর্থ বিয়ে। পূর্বের তিন স্বামী তাকে ডিভোর্স দেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই মতিয়রের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পরিবারে সম্পত্তি ও বাসস্থানের দাবিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ চলত।রোববার সকালে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মতিয়র। এ সময় তর্কের এক পর্যায়ে সুমি ঘর থেকে বটি এনে স্বামীর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মতিয়র মাটিতে লুটিয়ে পড়লে সুমি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।মতিয়রের বোন জান্নাতুন বলেন, “আমার ভাবির চাহিদা অযৌক্তিক, আর চরিত্র নিয়েও প্রশ্ন আছে। ভাইয়ের জীবন এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।”মুক্তিযোদ্ধা বাবা আব্দুল মতিন সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্ত্রী হয়ে নিরপরাধ ছেলেকে এমনভাবে জখম করা অকল্পনীয়। আমরা আইনি ব্যবস্থা নেব।”অভিযোগ অস্বীকার করে খাইরুন্নেসা সুমি ফোনে দাবি করেন, “আমার স্বামী কর্মস্থলে এক নারী সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। আমি প্রতিবাদ করায় সে নিজেই ঘটনা সাজিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে।”কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অবগত আছি, তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পরিবারের সদস্যরা এখন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *