প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ভোলায় সংবাদ সম্মেলন।
সংবাদ:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ভোলায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখা।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ আব্বাস উদ্দিন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের সকল কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমানভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরবর্তীতে সমাপনী পরীক্ষাও যথারীতি চালু ছিল।কিন্তু হঠাৎ ১৫ জুলাই ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা আর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, “আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমই অনুসরণ করি। তবুও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা বোধগম্য নয়। এতে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন।”তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনে ৭০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত এবং প্রায় ৬ লাখ শিক্ষক শিক্ষাদান করছেন। এ বিশাল শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে প্রাথমিক শিক্ষার অগ্রগতির অংশীদার হিসেবে স্বীকৃতি না দেওয়া অন্যায় হবে।সংবাদ সম্মেলনে আগামী ২০ আগস্টের মধ্যে উল্লিখিত প্রজ্ঞাপন বাতিল করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আদর্শ অ্যাকাডেমির অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ চৌধুরী, উপাধ্যক্ষ সেলিম রেজা, ভোলা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম নাজিম, ব্রাইটনেসন স্কুলের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ, মকবুল সাঈদা একাডেমির প্রধান শিক্ষক ফজলে আলম সুজন, কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশনের সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইসরাফির, জেলা কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, জেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার ফজলে রাব্বিসহ জেলার অন্যান্য কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ।
