মনপুরায় চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা তানভীর গ্রেফতার স্থানীয়দের স্বস্তি।

মনপুরায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা তানভীর গ্রেফতার, স্থানীয়দের স্বস্তি।

মহিব্বুল্যাহ ইলিয়াছ | মনপুরা (ভোলা) প্রতিনিধি |

১০ আগস্ট ২০২৫ভোলা জেলার মনপুরা উপজেলায় চাঁদাবাজি ও একাধিক অপরাধের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান তানভীর (২৫) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ৯ আগস্ট দায়ের হওয়া মনপুরা থানার মামলা নং-০৩ এ তানভীরকে এজাহারনামীয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। মামলাটি পেনাল কোডের ৪৪৮, ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৮৬, ৪২৭ এবং ৫০৬(২) ধারায় রুজু করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন, পাশাপাশি সহিংসতা ও সম্পত্তি ক্ষতিসাধনের মতো অপরাধে জড়িত ছিলেন।শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার একটি টিম বাঁধেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। রাজনৈতিক প্রভাব বা পরিচয় এখানে কোনো গুরুত্ব পাবে না।”এ ঘটনায় উপজেলা ছাত্রদল আহ্বায়ক ইকরামুল কবির জানান, “আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিই না, সে যে দলেরই হোক না কেন। বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে তানভীর ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষ নানান অভিযোগ করে আসছিল। এমনকি দলের এক সদস্যকে আগেই বহিষ্কার করা হয়েছে। এলাকাবাসী বিএনপির হাইকমান্ডের কাছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল।গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিলেও তানভীরের সমর্থকরা দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *