জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মুকুট ৬ নং ওয়ার্ডের ঘরে ।
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ফুটবলের উন্মাদনায় মুখরিত ছিল লালমোহন ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর শিরোপা নির্ধারণী ম্যাচে ৫ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬ নং ওয়ার্ড।নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমার্ধেই আসে দুই গোল, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয় ৬ নং ওয়ার্ডকে। গত ২৪ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ড অংশগ্রহণ করে। ফাইনাল দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) মুঃ নিজামুল হক নাঈম। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন উপজেলা সভাপতি এম এ হাসান, সেক্রেটারি সোলাইমান জমাদার, পৌরসভাপতি জনাব নাজমুল আযম, প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন, উপদেষ্টা মোঃ এসহাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন ইউনিয়ন শাখার সভাপতি মোর্শেদুল ইসলাম চৌধুরী।প্রধান অতিথি মুঃ নিজামুল হক নাঈম বলেন—> “যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।”বিশেষ অতিথি এম এ হাসান বলেন—> “গ্রামীণ পর্যায়ে ফুটবলের প্রতিভা অসাধারণ। আমরা লালমোহনের প্রতিটি ইউনিয়নের খেলা শেষ করে চ্যাম্পিয়নদের নিয়ে উপজেলা পর্যায়ে আবারো প্রতিযোগিতা আয়োজন করবো। ধারাবাহিক প্রতিযোগিতা হলে এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।”ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস।
