খুলনা রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৩ ঘন্টার চেষ্টয় নিয়ন্ত্রণ:

খুলনায় রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণ।

খুলনা সংবাদদাতা: খুলনার বড় মির্জাপুর এলাকায় রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত দেড়টার দিকে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে প্রথমে দুটি ইউনিট আসে। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। রাত সাড়ে তিনটার দিকে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।অবিরাম বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। অবশেষে রাত প্রায় পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, “আগুনে দুটি পাঁচতলা ভবনের একাধিক তলা পুড়ে গেছে। প্রথম ভবনের তৃতীয় ও চতুর্থ তলা এবং দ্বিতীয় ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই ভবনগুলোতে রহমান ছাতা কোম্পানির গুদাম ও উৎপাদন কারখানা ছিল।”তবে এখনো পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, “ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত প্রবেশ করতে পারেননি।”এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।—খুলনা ২৫ জুলাই ২০২৫-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *