হেডলাইন:“ভোলার উন্নয়নেই আমার সব প্রতিশ্রুতি”—সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
নিউজ:মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় করলেন ডা. শামীম রহমান। বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ছিল আন্তরিকতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন প্রত্যাশায় ভরপুর।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনসহ বিভিন্ন মাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক মতবিনিময় সভায় অংশ নেন এবং জেলার সার্বিক চিত্র, সমস্যা, সম্ভাবনা, জনসেবা ও শাসনব্যবস্থা উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।সাংবাদিক সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আলহাজ্ব শওকাত হোসেন, এমএ বারী, নজরুল হক অনু, মোকাম্মেল হক, উমর ফারুক, মো. মাকসুদুর রহমান, ইউনুস শরীফ, জহিরুল হক, আল-আমিন শাহরিয়ার, শাহাদাত শাহীন, সাগর চৌধুরী, আব্দুস শহিদ তালুকদার, শিমুল চৌধুরী, এইচএম জাকির, মিজানুর রহমান ও রিয়াজ রবীব খানসহ অনেকে।ডা. শামীম রহমান তাঁর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বলেন—“ভোলা জেলার মানুষের জীবনমানোন্নয়নই হবে আমার কাজের কেন্দ্রে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবা—এই তিন ভিত্তির ওপর আমরা প্রশাসন পরিচালনা করতে চাই।”তিনি আরও বলেন—“ভোলার প্রতিটি সমস্যা আমরা শুনবো, সমাধানের পথ খুঁজবো এবং প্রয়োজন অনুযায়ী জনগণের পাশে দাঁড়াবো। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সঠিক ও স্বচ্ছভাবে বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ।”নবাগত জেলা প্রশাসক জানান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও যুব উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ভোলাকে আরও এগিয়ে নিতে চান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সক্রিয় থাকবে বলে আশ্বাস দেন তিনি।ডা. শামীম রহমান সাংবাদিকদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বলেন—“গণমাধ্যম সমাজের আয়না। তাই আপনাদের সহযোগিতা ছাড়া একটি উন্নত ও দায়িত্বশীল প্রশাসন গড়া সম্ভব নয়। আমরা একসঙ্গে জেলার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবো।”সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে নতুন জেলা প্রশাসক ভোলার উন্নয়নযাত্রাকে আরও বেগবান করবেন এবং প্রশাসন-গণমাধ্যমের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
-মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা,
০১৮১৬৫৯৫৫৮১
১৯/১১/২৫ ইং.
