ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা:খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-শিক্ষক-জনতার বিক্ষোভ-

ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা ।খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-শিক্ষক-জনতার বিক্ষোভ।

মোঃ আব্দুর রহমান হেলাল,ভোলা জেলা সংবাদদাতা।।

ভোলা, ৭ সেপ্টেম্বর ২০২৫:

ভোলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানীকে (৩৫) দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। নিহত নোমানী উত্তর-পশ্চিম চরনোয়াবাদ নুরানী পাড়ার বাসিন্দা সাবেক মুহাদ্দিস মাওলানা এনামুল হকের ছোট ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সুযোগ নেয় দুষ্কৃতিকারীরা। অন্ধকারে তারা নোমানীর বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পরপরই শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে খুনিদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়দের মতে, শিক্ষাজীবন ও ধর্মীয় দায়িত্বে নিবেদিতপ্রাণ মাওলানা নোমানীর মৃত্যু শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

প্রশ্ন এখন একটাই—কবে থামবে ভোলার এ ধারাবাহিক খুন-হত্যা?-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *