ভোলায় অনূর্ধ্ব–১৪ সাঁতারু বাছাই প্রতিযোগিতার মধ্য দিয়ে সুইমিংপুল কমপ্লেক্স উদ্বোধন: মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা

🖋 মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি।
ভোলায় ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন অধ্যায়। অনূর্ধ্ব–১৪ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতারু বাছাই প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে জেলার প্রথম আধুনিক সুইমিংপুল কমপ্লেক্স। একই সঙ্গে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি, যা স্থানীয় তরুণদের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।
রবিবার (৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত সুইমিংপুল কমপ্লেক্সে জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫–২৬) এর আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম এবং সাঁতার প্রশিক্ষক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুল মোমেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন।
প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সাঁতারে দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন শিক্ষার্থীকে সম্ভাবনাময় সাঁতারু হিসেবে বাছাই করা হয়, যারা আগামী এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নেবে।

বক্তারা বলেন,
“বর্তমান প্রজন্মকে মাদক, ইভটিজিং ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মসূচি শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে শতাধিক ক্রীড়াপ্রেমী, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
ভোলার ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ জানান, সুইমিংপুল কমপ্লেক্স উদ্বোধনের মাধ্যমে ভোলায় জলক্রীড়া বিকাশে এক নতুন যুগের সূচনা হলো। এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের বিভাগীয় ও জাতীয় পর্যায়ের দক্ষ সাঁতারু।
