আশুলিয়ায় গ্রেপ্তার ছাত্র-জনতা হত্যার মামলার আসামি শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু ।সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় ছাত্র-জনতা হতাহতের একাধিক মামলার আসামি এবং শ্রমিক লীগের প্রভাবশালী নেতা নাজমুল হক ইমু (২৯) গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।গ্রেপ্তার নাজমুল হক ইমু আশুলিয়ার জামগড়া এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।জানা গেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে কথিত সাংবাদিক পরিচয়ে প্রকাশ্যে আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার করার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও গা ঢাকা দেন।গোয়েন্দা সূত্রে জানা যায়, ইমু গোপনে আশুলিয়ায় আওয়ামী লীগ পুনর্গঠনে কাজ করছিলেন এবং পলাতক নেতাকর্মীদের মাধ্যমে আর্থিক সহায়তা পেতেন।ফেসবুকে ভাইরাল হওয়া ১ মিনিট ৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, ১৫ আগস্টের একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে তিনি দাবি করেন, “গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান শাস্তি না দিয়ে পুরস্কৃত করেছিলেন, তাদেরকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।”আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “ছাত্র-জনতা হত্যার মামলার এক আসামিকে র্যাব থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
