বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুজ্জামান এর নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের পঞ্চায়েতবাড়ি সংলগ্ন এলাকা থেকে মোঃ কামাল (৪৫), পিতা মৃত মমতাজ, ও মোঃ নাছির (৪০), পিতা মোঃ শাহজাহান—এই দুইজনকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ কামালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ নাছিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ফুল কাচিয়া এলাকা থেকে মোঃ সিরাজ (৪১), পিতা মোঃ জাহাঙ্গীর, নামের আরও এক ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
