ভোলা বোরহান উদ্দিনের শিক্ষার্থীদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় গাছের চারা বিতরণ।
(ভোলা) সংবাদদাতা : বোরহানউদ্দিন, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার):পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান। এ সময় তিনি কুতুবা, বিকেএম ও ইউপিএস স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে উঠবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশবান্ধব ও টেকসই জীবনের দিকে অগ্রসর হবে।উল্লেখ্য, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সারাদেশব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় গাছের চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন একসাথে নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
মোঃ আব্দুর রহমান হেলাল
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
