সেবার মাধ্যমে হৃদয় জয় করে বোরহানউদ্দিনবাসীকে বিদায় জানালেন এসিল্যান্ড মেহেদী হাসান

মোঃ মিজানুর রহমান
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

সেবার মাধ্যমে হৃদয় জয় করা যায়, ক্ষমতার মাধ্যমে নয়। এই মন্ত্রকে ধারণ করে বোরহানউদ্দিন উপজেলায় দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

এক বছর এক মাসের কর্মমেয়াদে তিনি উপজেলা প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখেন এবং অবৈধ দখল ও টোল আদায় বন্ধসহ ভোলার মূল ভূখণ্ড রক্ষায় বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অবস্থান নেন।

ভূমি সেবায় দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে তিনি সরাসরি জনগণের সঙ্গে শুনানি করেছেন। ভূমি সেবার ফি ও অনলাইনে পরিশোধের নিয়ম জনগণকে জানিয়ে সচেতনতা তৈরি করেছেন। ‘জনগণের কাছে এসিল্যান্ডের জবাবদিহিতা’ ও ‘ধরিত্রী রক্ষা কর্নার’ নামে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তিনি।

পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময়ও তিনি চাল ও কম্বলসহ সরকারি সেবা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করেন। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন, সনদ অনলাইনকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, ওয়াশজোন নির্মাণ, প্রবীণদের জন্য ওয়াকওয়ে, যুবকদের জন্য ব্যাডমিন্টন কোর্ট ও জিমনেসিয়াম, বিনোদন কেন্দ্র, সড়ক বাতি স্থাপন, সিসি ক্যামেরা বসানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করেন। জলাবদ্ধতা নিরসন ও নদী রক্ষায় ড্রেন নির্মাণ, খাল খনন এবং ওয়াকওয়ে প্রকল্পের উদ্যোগও নেন তিনি।

অল্প সময়ের জন্য গঙ্গাপুর ও দেউলা ইউনিয়নের দায়িত্ব পালনকালে চাল বিতরণসহ সরকারি সেবায় স্বচ্ছতা রক্ষা করেন। একই সঙ্গে স্থানীয় বাজারে আধুনিকায়ন ও সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনও কারও সঙ্গে কঠোর আচরণ করে থাকলে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বিদায়ী বার্তায় মেহেদী হাসান বলেন,
বোরহানউদ্দিনের স্মৃতি আমার জীবনের একটি অনন্য অধ্যায় হয়ে থাকবে। আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে দেশের মানুষের সেবা করতে পারি।

তিনি সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সদ্য যোগদানকৃত বোরহানউদ্দিন পৌরসভার নতুন প্রশাসক রনজিৎ চন্দ্র দাস কে ফুল দিয়ে বরন করছেন বিদায়ী প্রশাসক মো: মেহেদী হাসান। তাকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

মোঃ মেহেদী হাসানের পরবর্তী কর্মস্থল বরিশালের গৌরনদী উপজেলা, যেখানে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *