ময়মনসিংহের ভালুকায় বিয়ের ৬ দিনের মাথায় নববধূর আত্মহত্যা:

ময়মনসিংহের ভালুকায় বিয়ের ৬ দিনের মাথায় নববধূর আত্মহত্যা: নানা প্রশ্নে ঘিরে রহস্য।

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় নাহিদা সুলতানা রূপা (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) রাতে ভালুকা পৌরসভার মেজরভিটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রূপা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একতারপুর গ্রামের রওশন আলী ভূঁইয়ার মেয়ে। জুলাই মাসের ১৭ তারিখে তিনি বিয়ে করেছিলেন একই উপজেলার খাটিংগা গ্রামের বাসিন্দা ও ভালুকা পৌরসভার বাসিন্দা শাহ আলমকে (৪০)। পেশায় হোটেলকর্মী শাহ আলম ‘সারাবেলা ফুড গার্ডেন’ নামের একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।স্বামী শাহ আলমের দাবি, এটি আত্মহত্যা। তিনি জানান, রূপা এর আগে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার প্রথম ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। রূপা নাকি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ও মাথাব্যথায় কষ্ট পেতেন।ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলম কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যার পর স্ত্রীকে একাধিকবার ফোন করেও যোগাযোগ না করতে পেরে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে আসেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে পাশের ভেন্টিলেটর দিয়ে উঁকি দেন। তখনই দেখতে পান, রূপার নিথর দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মাত্র ছয় দিনের বিবাহিত জীবনে এমন চূড়ান্ত সিদ্ধান্ত কেন নিলেন রূপা — সেটি এখন তদন্তের মূল বিষয় হয়ে উঠেছে। পুলিশের পাশাপাশি রূপার পরিবারও ঘটনার প্রকৃত কারণ জানতে চায়।—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *