ময়মনসিংহে অপহৃত দুই শ্রমিক উদ্ধার, চাঁদাবাজ চক্রের ৫ সদস্য আটক।
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর থেকে অপহৃত দুই শ্রমিককে উদ্ধার করেছে র্যাব-১৪। এ ঘটনায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— মোখলেছুর রহমান স্বপন (২৫), মফিজুল ইসলাম (৫২), আলেপ হোসেন (৩২), মোশারফ হোসেন (৩২) ও বাবুল মিয়া (২০)।র্যাব জানায়, কুড়িগ্রামের টাইলস মিস্ত্রি মোঃ রেজাউল করিম (৪৩) এবং তার সহযোগী মোঃ সাকিব (২০) কাজের জন্য ফুলপুরে গেলে পরিচিত মোখলেছুর রহমান স্বপনের ডাকে তার বাসায় যান। সেখানে উপস্থিত চক্রের সদস্যরা তাদের জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৯০ হাজার টাকা আদায় করে। পরে আরও টাকা দাবির বিষয়েও হুমকি দেওয়া হয়।ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে (মামলা নং-১০, তারিখ ১২ আগস্ট ২০২৫, ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০) র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ আগস্ট ভোরে ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে এবং অপহৃত দুইজনকে নিরাপদে উদ্ধার করে। এ সময় হাতিয়ে নেওয়া মোট এক লাখ দশ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
