শ্যামনগরে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প :
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
তারিখ: ২৯ জুলাই ২০২৫
মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি কমাতে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলায় গর্ভবতী নারীদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান ডা. নাহিদ নজরুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র, বনজ ও মৎস্যজীবী পরিবারগুলো অনেক সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকে। মা ও শিশুর সুস্থতার জন্য এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।”ক্যাম্পে গর্ভবতী নারীদের জন্য প্রসব-পূর্ব স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, আল্ট্রাসাউন্ড এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। সেবা প্রদান করেন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. মাহফুজা আলম, আল্ট্রাসনোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার হাসান।দিনশেষে হাসপাতাল চত্বরে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শুধুমাত্র এই ক্যাম্প নয়—চোখের চিকিৎসা, বিশেষজ্ঞ পরামর্শ ও অপারেশনসহ নানা সেবাও তারা স্থানীয় মানুষের জন্য নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।— শ্যামনগর, সাতক্ষীরা সংবাদদাতা।-
