ভোলায় একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল লালমোহন: টানা বৃষ্টির মধ্যেও প্রতিবাদে সরব ছাত্র-জনতা।
লালমোহন (ভোলা) প্রতিনিধি।
৭ জুলাই ২০২৫, ৬:২৬ পিএমভোলার বিভিন্ন এলাকায় একের পর এক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে টানা বৃষ্টিকে উপেক্ষা করে লালমোহনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
সোমবার দুপুরে লালমোহন চৌরাস্তায় ‘জুলাই ছাত্র-জনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষণ এখন যেন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে, আর এসব ঘটনার পেছনে প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়া রয়েছে।”বক্তাদের বক্তব্যে উঠে আসে উদ্বেগ ও প্রতিরোধের আহ্বান।
সমাবেশে বক্তব্য দেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামসউদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. হাসনাইন আল-মুসা, ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তর সভাপতি আ. রহমান,ৎনাগরিক ঐক্য-এর শামীম আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাফেজ মুফতি শফিক,এবং ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা দপ্তর সম্পাদক রাহাদ রুমি।বক্তারা অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন ব্যানারে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ছে। দল থেকে বহিষ্কারই যথেষ্ট নয়—তাদের আইনের আওতায় আনতে হবে।”তারা আরও বলেন, লালমোহনেও ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু ভুক্তভোগী পরিবার মামলা করতে ভয় পাচ্ছে। একজন মাত্র আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিরা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। বরং ঘটনার ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধেও তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, “জেলায় মাদক, সন্ত্রাস, ও চাঁদাবাজির বিস্তার দিনদিন বেড়ে চলেছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা জনমনে ক্ষোভ তৈরি করছে।”তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ নিজেরাই রুখে দাঁড়াবে।”আয়োজক সংগঠন ‘জুলাই ছাত্রজনতা’ জানিয়েছে, ভবিষ্যতেও এইসব অপরাধ দমনে জনগণকে সচেতন করতে তারা মাঠে থাকবে।
