বোরহানউদ্দিনে দরিদ্রদের স্বাবলম্বী করতে ভ্যান ও চায়ের দোকান সহায়তা

মোঃ মিজানুর রহমান

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুইজনকে ভ্যানগাড়ি এবং তিনজনকে চায়ের দোকান করার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হান উজ্জামান বলেন, সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। যাচাই-বাছাই শেষে আমরা সহায়তা দিয়েছি। আশা করি, তারা পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভ্যানগাড়ি পাওয়া সিডু মিয়া বলেন, অনেক দিন বেকার ছিলাম। এখন আল্লাহর রহমতে আয়-রোজগার করে সংসার চালাতে পারব।

চায়ের দোকান পাওয়া ঝন্টু মিয়া জানান, দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, ইউএনও মহোদয়ের মানবিক চিন্তায় অসহায় মানুষদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।

সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  মহিউদ্দিন মোল্লা বলেন, প্রশাসনের সদিচ্ছা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ উদ্যোগ দেশের অন্যান্য এলাকার জন্যও অনুকরণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *