আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পালাল ইয়াবাসেবী সহযোগীরা.
সাভার প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিষয়টি দুপুর আড়াইটায় নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।গ্রেপ্তার মুন্না শেখ নড়াইল সদর উপজেলার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিংয়ের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।ওসি জানান, পুলিশের একটি টিম রিপনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া স্বপনের বাসায় অভিযান চালায়। সেখান থেকে মুন্না শেখকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাসাটিতে ইয়াবা সেবনের আসর চলছিল এবং আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছাদ দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় মুন্নাকে ধরে ফেলা হয়।তল্লাশির সময় মুন্নার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো ঘটনার বিস্তারিত জানাতে শিগগিরই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে বলে জানিয়েছে পুলিশ।ভোলা মিডিয়া হাউজ
৩০-০৬-২৫
