মেঘনার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে ভোলায় পাউবো অফিস ঘেরাও।
ভোলা প্রতিনিধি |
২৫ আগস্ট ২০২৫
মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পেতে ভোলার সদর উপজেলার মেদুয়া ও শিবপুর ইউনিয়নের হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা ভোলা জেলা শহরের পাউবো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে মেঘনার তীব্র ভাঙনে ভোলা সদর উপজেলার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে বহু পরিবার গৃহহীন হয়েছে, নদীতে বিলীন হয়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো। কিন্তু কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া বাসিন্দারা জানান, “প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এখন আর আশ্বাস চাই না— আমরা চাই স্থায়ী বাঁধ, পুনর্বাসন ও জরুরি ত্রাণ সহায়তা।”এ সময় বক্তারা আরও বলেন, “ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নে নদীভাঙন নিয়ে বহু বছর ধরে কথা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার স্থায়ী সমাধান চাই।”এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ হাসানুজ্জামান জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া মাত্রই ভাঙনরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
