ভোলায় ক্রীড়া অবকাঠামোর নতুন মাইলফলক—উদ্বোধন হলো দুই স্টেডিয়াম ও আধুনিক সুইমিংপুল

ভোলায় ক্রীড়া অবকাঠামোর নতুন মাইলফলক—উদ্বোধন হলো দুই স্টেডিয়াম ও আধুনিক সুইমিংপুল

মোঃ আব্দুর রহমান হেলাল

ভোলা জেলা প্রতিনিধি।।

ভোলার ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন তিনটি স্থাপনা—সদর উপজেলার গজনবী স্টেডিয়াম, চরফ্যাশনের মিনি স্টেডিয়াম এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জেলা সুইমিংপুল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সচিবালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“দেশের প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করতে উপজেলা পর্যায়ে আমরা ২০১টি স্টেডিয়াম নির্মাণ করছি। ভোলার স্টেডিয়ামটি মান ও ধারণক্ষমতার দিক থেকে অন্যতম। এখানকার মিনি স্টেডিয়াম প্রায় দশ হাজার দর্শক ধারণ করতে সক্ষম, যা নিঃসন্দেহে ভোলার ক্রীড়াবান্ধব পরিবেশ গঠনে বড় ভূমিকা রাখবে।”তিনি আরও যোগ করেন, তরুণদের সুস্থ বিকাশ ও খেলাধুলাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে গত এক বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেন।এসময় উপস্থিত ছিলেন—জেলা ক্রীড়া কর্মকর্তা সাফাতুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা নুরুন্নবী, জেলা ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা সাফাতুল ইসলামের সক্রিয় ভূমিকা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

নতুন স্টেডিয়াম ও সুইমিংপুল চালুর মধ্য দিয়ে ভোলার তরুণসমাজ আরও উৎসাহ ও প্রাণচাঞ্চল্যে ক্রীড়ায় সম্পৃক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *