প্রশাসনের উদাসীনতায় দক্ষিণ সাকুচিয়া ইউপি ভবন দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রশাসনের উদাসীনতায় দক্ষিণ সাকুচিয়া ইউপি ভবন দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে-

ভোলা, ২৮ আগস্ট ২০২৫

ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ভবন দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নোমান মুন্সির বিরুদ্ধে। প্রশাসনের উদাসীনতায় এ ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, নোমান মুন্সি অবৈধভাবে ইউনিয়ন পরিষদের একটি কক্ষের তালা ভেঙে বিদ্যুৎ কর্মীদের থাকার ব্যবস্থা করেছেন এবং বিনিময়ে আর্থিক লেনদেন করেছেন। বিদ্যুৎ প্রকল্পের ফোরম্যান জালাল জানান, তারা এর আগে সাবেক ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজলের সহযোগিতায় ৪৫ দিন ওই ভবনে অবস্থান করেছিলেন। বর্তমানে নোমান মুন্সির মাধ্যমে ১৫ হাজার টাকার বিনিময়ে একটি রুম ব্যবহার করছেন।এ বিষয়ে নোমান মুন্সি বলেন, “বিদ্যুৎ কর্মীদের জন্য আমার ভবন ভাড়া দিয়েছিলাম, কিন্তু সেখানে পানি ঢুকছিল। তাই ইউনিয়ন পরিষদের একটি কক্ষ ব্যবহার করতে দিয়েছি।” তবে তিনি স্বীকার করেন যে, এ বিষয়ে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।ইউনিয়ন পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন জানান, “তিন দিন আগে পরিষদ ভবনে গিয়ে দেখি কিছু লোক কক্ষে অবস্থান করছে। তাদের সরিয়ে নিতে নোমান মুন্সিকে নির্দেশ দিয়েছি।” তবে তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, “ইউনিয়ন পরিষদের সম্পত্তি জোর করে দখল করা যাবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, একই ইউনিয়ন পরিষদে সম্প্রতি ১২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে, যার কোনো সুরাহা হয়নি। এতে প্রশাসকের দায়িত্বহীনতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পরিষদ ভবনের নিরাপত্তা জোরদার না করায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে।

মহিব্বুল্যাহ ইলিয়াছমনপুরা (ভোলা) প্রতিনিধি

তারিখ: ২৮ আগস্ট ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *