নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে ভোলা–২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে নোটিশ
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি ।।
ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ নোটিশ জারি করে।জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে নুর ইসলাম আলমের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ নোটিশ পাঠান অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. সুমন হোসেন।নোটিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ও তার সমর্থকেরা বোরহানউদ্দিন বাজার এলাকায় শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে দলীয় অফিসের সামনে যাওয়ার সময় বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাদের ওপর পরিকল্পিত হামলা চালায়। এ সময় শারীরিক আঘাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়।বিচারিক কমিটির মতে, এ ঘটনাটি The Representation of the People Order, 1972 এর Article 77(1) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ এর বিধি ৬(ক) লঙ্ঘনের শামিল।নোটিশে আরও বলা হয়, কেন বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ও অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টায় দৌলতখান সিভিল জজ আদালতে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে।এ বিষয়ে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেন,“নির্বাচনী মাঠে আমার এজেন্টরাই এসব বিষয় দেখাশোনা করে। এ বিষয়ে তাদের কাছ থেকেই বিস্তারিত জানা যাবে।”এদিকে তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মামাতো ভাই আকবর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ভোলা–২ আসনে ভোট ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা দিন দিন বাড়ছে।ভোলা
২৮.০১.২৬
