ভোলায় ধরা পড়লো ‘জ্বিনের বাদশা’, প্রবাসীর ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
ভোলা প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর কাছ থেকে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল মীর (৪৮)-কে আটক করেছে র্যাব-৮।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত কামাল মীর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি জানান, দীর্ঘদিন ধরে কামাল নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে মানুষের পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিতেন। এভাবে ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে মোট ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেন।ঘটনার পর প্রবাসী আদালতের শরণাপন্ন হলে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে গত ১৭ মে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা হয়। মামলার তদন্তে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল মীরকে আটক করে।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। মামলার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
