তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর বাকপ্রতিবন্ধী যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার: পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা ।
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন উপজেলায় নিখোঁজের চার দিন পর এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন থাকায় পরিবার ও স্থানীয়দের দাবি, এটি একটি নির্মম পরিকল্পিত হত্যাকাণ্ড।
শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নিজ বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মো. কবির (৩৫) শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। চার সন্তানের জনক কবিরের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী।পরিবার জানায়, কবির গত ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তাঁর মা রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বোবা ছেলে কারও ক্ষতি করত না। সে কথাও বলতে পারত না, খাবার চাইতেও পারত না। কে বা কারা এতটা নিষ্ঠুর হলো, তার বিচার চাই।”নিহতের পরিবারের দাবি, নিখোঁজের আগের দিন জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই মো. রাসেল, মো. রিয়াজ এবং তাদের বন্ধু মো. আলাউদ্দিন কবিরকে বাগানে ডেকে নিয়ে ভয়ভীতি দেখায়। সেদিন তারা স্প্রিং জাতীয় অস্ত্রও প্রদর্শন করেছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ওই ঘটনার পর কবির আতঙ্কিত হয়ে বাসায় ফিরে বিষয়টি ইশারায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানান।নিখোঁজের পরদিন কবিরের ঘরের সামনে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল— “কবিরকে মেরে ফেলা হয়েছে এবং তার ছোট ভাই কামরুলও পরবর্তী টার্গেট”।তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাব্বত খান বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের হাতে-পায়ে, চোখে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার পেছনে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের শাস্তি দাবি করছেন।–
– মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলাতারিখ: ১ আগস্ট ২০২৫মোবাইল: ০১৭১২৩৯৩০৯৭ছবি সংযুক্ত
