সুনামগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা: “জুলাই সনদ” ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ।
সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের আজ রাজপথে দাঁড়ানোর কথা ছিল না, ইতিহাস আমাদের বাধ্য করেছে। একটি নতুন বাংলাদেশ ও নতুন ব্যবস্থার দাবিতে আমরা আজ পথে নেমেছি।”শুক্রবার (২৫ জুলাই) বিকাল ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, “গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘ফিটনেসবিহীন বিমানের কারণেই রাজধানীর একটি স্কুলে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।’”নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে মুজিববাদের সমালোচনা করে একে ‘ফ্যাসিবাদ’ আখ্যা দেন এবং বলেন, “গুম, খুন ও ভারতের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়েই মুজিববাদের চরিত্র প্রকাশ পেয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার সময় এসেছে।”তিনি “জুলাই সনদ” ঘোষণার দাবি জানিয়ে বলেন, “জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে একটি জাতীয় সনদ ঘোষণা করতে হবে।” সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর আহ্বান জানান তিনি, যেন আর কোনো ফ্যাসিবাদ পুনর্জন্ম না নিতে পারে।পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।এতে আরও বক্তব্য রাখেন—এনসিপির সদস্য সচিব ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ওঅনিক রায় প্রমুখ।এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, “এনসিপি কোনো বিশেষ শ্রেণি বা ধর্মের দল নয়; এটি সর্বজনীন ও গণতান্ত্রিক চেতনার রাজনৈতিক প্ল্যাটফর্ম।”এর আগে বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।–ছবি সংযুক্ত
