জোটের ঐক্য রক্ষায় ত্যাগের নজির: ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী
ভোলা প্রতিনিধি :ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ১০ দলীয় জোটের ঐক্য ও সংহতি অটুট রাখতে রাজনৈতিক সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন।রোববার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা এলডিপির সভাপতি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে মোকফার উদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ। তিনি জানান, ভোলা-২ আসনে ১০ দলীয় জোটের ঐক্য, সৌহার্দ্য ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এলডিপির প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন দিয়েছেন।লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে মোকফার উদ্দিন চৌধুরী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন। পাশাপাশি সম্প্রতি তার মায়ের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।নিজ বক্তব্যে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, “ভোলা-২ আসনে মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। জোটের ঐক্য অটুট রাখতে ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে বৃহত্তর স্বার্থকেই আমি অগ্রাধিকার দিয়েছি।”তিনি আরও বলেন, “রাজনীতির মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই ঐক্যের মাধ্যমেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।”এলডিপি প্রার্থীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক দায়িত্বশীলতা ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ। তারা বলেন, সময়োপযোগী এই সিদ্ধান্ত ভোলা-২ আসনে জোটকে আরও শক্তিশালী করবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা এলডিপির সহ-সভাপতি মোঃ সবুজ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ দলীয় নেতৃবৃন্দ।-
