ভোলায় জামায়াতের জনতার ঢল: গণসমাবেশে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি অধ্যক্ষ নজরুল ইসলামের
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা।।
ভোলা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, “মানুষ আজ বিকল্প নেতৃত্ব খুঁজছে, আর সেই জায়গায় জামায়াতে ইসলামীর ওপর জনগণের আস্থা ক্রমেই বাড়ছে।”বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোলা শহরে জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী মিছিল শেষে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসনের ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, “ভোলাবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—জামায়াতের প্রতি মানুষের বিশ্বাস আরও গভীর হয়েছে। আল্লাহ যদি আমাদের বিজয় দান করেন, তাহলে ভোলাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও লুটতরাজ বন্ধ করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আজকের এই জনসমর্থন আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারাই বিজয় নিশ্চিত করবেন।”এর আগে বিকেলে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী মিছিলটি ভোলা শহরের হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বরিশাল দালান, বাংলা স্কুল মোড়, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে শেষ হয়।গণসমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির সভাপতি বশির আহমেদ, এনসিপির জেলা সিনিয়র সদস্য সচিব মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।মিছিল ও সমাবেশে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মোঃ আব্দুর রহমান হেলালভোলা জেলা প্রতিনিধি
তারিখ: ২৮/০১/২৬
মোবাইল: ০১৮১৬৫৯৫৫৮১
ছবি সংযুক্ত
